সমস্বর নাচ ও গানের স্কুলের প্রতিষ্ঠাতা, ব্লগার ও শিক্ষক সাদিয়া জাফরিনের বিরুদ্ধে ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের নেতা শরীফ মিয়াজী বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, সাদিয়া জাফরিন তার ব্যক্তিগত ব্লগে ইসলাম ধর্মকে অবমাননা করে লেখা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি সমকামীদের পৃষ্ঠপোষকতা করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। বাদীর দাবি, তার এসব কর্মকাণ্ড সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাদিয়া জাফরিনের পরিবার। তার বাবা আমিনুল হক বলেন, তার মেয়ের বিরুদ্ধে সম্পূর্ণ অন্যায়ভাবে মামলা করা হয়েছে। তিনি জানান, সমকামী শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করাই তার মেয়ের বিরুদ্ধে অভিযোগের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, একজন ব্লগার হিসেবে নিজের মত প্রকাশ করা স্বাভাবিক বিষয়। কিন্তু সেই কারণেই তার মেয়েকে লক্ষ্য করে হামলা ও হয়রানি করা হচ্ছে।
আমিনুল হক অভিযোগ করেন, গত ২ আগস্ট হেফাজতে ইসলামের কিছু কর্মী তাদের পরিচালিত ‘সমস্বর’ নাচ ও গানের স্কুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে ৬ আগস্ট তার মেয়ের ওপর হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হন।
তিনি বলেন, এসব ঘটনার পরও অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো তাদের পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য যে গত ২৬ আগষ্ট মঙ্গল বার হেফাজতে ইসলাম সাদিয়া জাফরিনের গ্রেফতারের প্রতিবাদে সমাবেশ করে।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply